মিশরীয় এয়ারলাইন ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। ওই বিমানের এক যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিমানটি ব্রাসেলস থেকে কায়রো যাচ্ছিল।
ফেডারেল পুলিশ এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাজনিত কারণে ইজিপ্টএয়ারের এমএস ৭২৬ ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া হয়নি। যাত্রীদের নামের তালিকা ও লাগেজ পুনরায় যাচাইয়ের জন্য ফ্লাইটটির শিডিউল পরিবর্তন করা হয়।
ফ্লেমিশ ভাষার পত্রিকা হেত নিউসব্লাদ জানিয়েছে, বিমানে কিছু ঘটতে যাচ্ছে, এ কথা বলার পর সন্দেহভাজন যাত্রীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি নিরাপত্তা সংস্থার নজরদারিতে ছিলেন।
ফ্রেঞ্চ ভাষার দৈনিক লে সোইর জানায়, স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩৫৫) ফ্লাইটটির ছাড়ার কথা ছিল। কিন্তু কয়েক ঘন্টা পর ফ্লাইটটি বাতিল করা হয়। যাত্রীদের অন্য ফ্লাইটে নেয়া হয়।
- এএফপি
