‘১৫ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৪
 
ব্রিটেন ১৫ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে। এর পাশাপাশি আগামী মাসে ইসলামিক স্টেটের জিহাদিদের বিরুদ্ধে বিমান হামলা চালাবে দেশটি। সানডে টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, শরণার্থী গ্রহণ করার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন আন্তর্জাতিকভাবে চাপে পড়েছেন। এছাড়া দেশের মধ্য থেকের তার ওপর চাপ দেয়া হয়েছে।
 
গত বৃহস্পতিবার ক্যামেরুন বলেছেন, তুরস্কের সমুদ্র তীরে সিরিয়ার শিশু আইলান কুর্দির মৃতদেহের ছবি প্রকাশের পর তার ওপর আরো বেশি চাপ পড়েছে। অবশেষে ক্যামেরন অভিবাসী কোটা বৃদ্ধির ও আইএসের ওপর হামলার সিদ্ধান্ত একসঙ্গে ঘোষণা করেন।
 
ক্যামেরুন বলেন, আগামী মাসে ব্রিটেনের পার্লামেন্টে আইএসের ওপর আক্রমণ চালানোর অনুমতি চাইবে সরকার। সেখানে লেবার পার্টির সমর্থন আশা করছেন তিনি।
 
ব্রিটেন গত বছর ২১৬ জন সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে পাঁচ হাজার সিরীয়কে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।