হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জিয়াউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষানবিশ আইনজীবীসহ চারজনকে আটক করা হয়েছে।
আহতদের মধ্যে দুধ মিয়া (৩৫), আলাউদ্দিন (৩৪), লিপি আক্তার(১৭), জমিস মিয়া (২৬), সালাম মিয়া (৩৫), নাঈম মিয়া (১৩), নাদিম (৯) ও রুবি বেগমকে (৩০) মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিয়াউদ্দিন ও সাইফুল ইসলামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় জিয়াউদ্দিনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম, আলফত আলী , মুসলিম মিয়া ও রুবি বেগমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত জিয়াউদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
