চুয়াডাঙ্গায় ২ চরমপন্থি আটক, শুটারগান-বোমা উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২৯
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গুলিভর্তি শুটারগান ও বোমাসহ দুই চরমপন্থি সন্ত্রাসীকে আটক করেছে। আটকরা হলেন, সামসুল (৩০) ও ডালিম হোসেন রাজু (৩৫)।
 
শনিবার দিনগত রাতে জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি-টাকপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে উপজেলার ঘোলদাড়ি-টাকপাড়া গ্রামের একটি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় উপজেলার বগুয়ারখালী গ্রামের সামসুল ও একই উপজেলার কেদারনগর গ্রামের ডালিম হোসেন রাজুকে আটক করা হয় । অভিযানকালে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি শুটারগান ও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়।
 
জেলা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করতে চরমপন্থি সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল।