প্যারিসে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দ্যোগে প্রথম বারের মতো উদযাপিত হয়েছে জন্মাষ্টমী। এ উপলক্ষে সনাতন ধর্ম উন্নয়ন পরিষদ প্যারিস দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সনাতন ধর্মাবলম্বীরা শ্রী কৃষ্ণকে ভগবান হিসেবে মনে করে তার জন্মদিন পালন করেন।
জন্মাষ্টমী উপলক্ষে শ্রী কৃষ্ণের প্রতিকৃতি স্থাপন, পূজা, গীতা পাঠ, কীর্তন, ধর্মীয় সংগীত, শ্রী কৃষ্ণের স্থান পর্বের শুভারম্ভ, আশীর্বাদ প্রদান, উপবাস ভাঙ্গন ও প্রসাদ বিতরণ।
আগত সকল ভক্তবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রনজিৎ কুমার দাশ, সাধারণ সম্পাদক, ময়না দেব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝন্টু দাশ, প্রদীপ দাশ, সুরজিৎ পাল, উত্তম পাল, বাদল দে, সাজু দত্ত, সঞ্জীব দাশ সহ আরো অনেক।
শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে। বসুদেব-দেবকীর কোলে মামা কংসের কারাগারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নেন শ্রীকৃষ্ণ। এই বিশ্বাসকে ধারণ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছে।
আয়োজকরা জানান, শুধু দুষ্টের দমনই নয়, এক শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রবাসী সবাইকে নিয়ে আগামীতে র্যালিসহ আরো বৃহৎ আকারে জন্মাষ্টমী উদযাপন করা হবে।
অনুষ্ঠানে গীতা পাঠ করেন রাজীব প্রভু, কীর্তন পরিবেশন করেন কার্তিক দাশ ও তার দল।
