ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শহরতলী ভাবকীর মোড় এলাকায় রবি মোবাইল কোম্পানির তিনজন বিক্রয় প্রতিনিধিকে পিটিয়ে নগদ টাকাসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে ।
রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে । হামলায় আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।
অভিযোগকারী রবি কোম্পানির ডিএসআর সুপার ভাইজার সোহেল রানা জানান, বিক্রয় প্রতিনিধি (ডিএসআর) রাশেদুল ইসলাম (২৫), খালিদ হোসেন(২০) ও মো. জনি (২৪) সিএনজি চালিত অটো রিকশায় করে উপজেলার কালিবাড়ি বাজার থেকে মুক্তাগাছার উদ্দেশ্যে আসছিলেন । ভাবকীর মোড়ে পৌঁছালে ওঁৎপেতে থাকা ১৫/ ২০ জনের একটি ছিনতাইকারী দল অটোরিকশার গতিরোধ করে তাদের ব্যাগে থাকা নগদ এক লাখ ৮৫ হাজার টাকা, এক লাখ টাকা মূল্যমানের সিম ও স্কেচ কার্ড ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই মোবাইলের একাউন্টে ৬০ হাজার টাকা ছিল। এলাকাবাসী অটোরিকশাটি আটক করেছে। চালক পলাতক রয়েছে ।
স্থানীয়দের ধারণা, অটো রিকশা চালকও ছিনতাইয়ের ঘটনায় জড়িত।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফজলুল করিম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে ।
