ব্র‏হ্মপুত্রে পানিবৃদ্ধি: গৌরীপুরে ৩ গ্রাম ভাঙনের মুখে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৯
 
বেশ কয়েক দিনের টানা বর্ষণে বাড়ছে ব্র‏হ্মপুত্রের পানি। উত্তাল নদের স্রোতে ভাঙছে পাড়, বিলীন হয়ে যাচ্ছে গৌরীপুর উপজেলার আরো তিনটি গ্রাম। গ্রামগুলো হচ্ছে—নাপ্তের আলগী, ভাটিপাড়া আর ভোলার আলগী।
 
উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভাটিপাড়ার গ্রামের উমেদ আলীর ছেলে বাচ্চু মিয়া, ওয়াহেদ আলীর ছেলে খালেদ, আব্দুল খালেকের স্ত্রী নারগিস আক্তার, শাহাব উদ্দিন, খুদরত আলীর ছেলে মুরশিদ আলী, জয়নাল মিয়া, রজব আলী, তাহের উদ্দিনসহ ৩৫টি পরিবারের বসতভিটা কেড়ে নিয়েছে নদ। স্রোতে হারিয়ে গেছে গ্রামের রক্ষা বাঁধ। গ্রামবাসীর উদ্যোগে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। সে বাঁধও রাক্ষসী স্রোত গিলে খেয়েছে। একাধিকবার নদের তীরে নির্মিত বসতভিটা হারিয়েছে সুতি। পরিবারের সন্তানদের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা। বসতভিটা হারানোর আশঙ্কায় রাতে ঘুমাতে পারছে না শতাধিক পরিবার উল্লেখ করে ভাংনামারী ইউনিয়ন পরিষদের মেম্বার আহসান হাবিব মালেক জানান—গ্রাম রক্ষার জন্য বাঁধ নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন না হলে আরো ২-৩টি গ্রাম নদের গর্ভে বিলীন হয়ে যাবে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বর্তমানের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য বলা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ জানান—ভাঙন-কবলিত এলাকা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রতিবেদন পাঠানো হয়েছে।
 
এলাকাবাসী জানায়, ১৮ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প গত বছর নেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।