সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কাশেম মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন বাস যাত্রী।
তাত্ক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চড়কবাড়ী গ্রামের রবিউল আওয়াল (৫০) ও গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার চরবাড়িয়া গ্রামের আব্দুর রফিকের ছেলে মাসুম আহমদ (১২)। আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে চিকিত্সকেরা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সিরাজগঞ্জ কড্ডার মোড়ের দায়িত্বরত ট্রাফিক পুলিশ আব্দুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দিপজল পরিবহনের একটি বাস ঢাকা-থেকে রংপুর যাচ্ছিল। অপরদিকে উত্তরবঙ্গ থেকে কাঠ বোঝাই একটি টাক ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু সংযোগ সড়কের সিরাজগঞ্জের কাশেমমোড় এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো এক শিশু মারা যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এদিকে হাসপাতালে সরেজমিন গিয়ে দেখা যায়, গুরুতর অনেকেরই অঙ্গহানি হয়েছে। আহতদের চিত্কারে হাসাপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। চিকিত্সকরা একসাথে এতগুলো আহত রোগীকে চিকিত্সা দিতে হিমশিম খাচ্ছেন।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, আহতদের চিকিত্সার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
