ফ্রান্সের গোয়েন্দা সংস্থার একজন ডুবুরি ৩০ বছর আগে নিউজিল্যান্ডে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের একটি জাহাজ ডুবিয়ে দেয়ার ঘটনায় প্রথমবারের মতো দুঃখ প্রকাশ করেছেন। ফ্রান্সের পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিরোধিতা করায় সংগঠনটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছিল দেশটির গোয়েন্দারা।
একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে জ্যঁ- লাক বলেন, 'আমি জানাতে চাই যে ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখিত।' সেসময় একজনের মৃত্যুকে তিনি 'দুর্ভাগ্যজনক দুর্ঘটনা' হিসেবে বর্ণনা করেন। পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রতিবাদ ঠেকাতে মাইন দিয়ে জাহাজটি ডুবিয়ে দেয়া হয়েছিল।
IMG0
'রেইনবো ওয়ারিয়র' নামের জাহাজটি ১০ জুলাই ১৯৮৫ সালে প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। প্রশান্ত মহাসাগরের ওই দ্বীপে ফ্রান্সের পারমাণবিক অস্ত্র পরীক্ষা ঠেকাতে জাহাজটি পাঠানোর ব্যবস্থা করেছিল গ্রিনপিস।
দুটি মাইন বিস্ফোরিত হলে নিউজিল্যান্ডের অ্যাকল্যান্ডে গ্রিনপিসের জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজে থাকা ফার্নান্দো পেরেইরা নামের একজন পর্তুগিজ আলোকচিত্রী মারা যান। সূত্র: বিবিসি
