থাইল্যান্ডের সেনাশাসকদের দ্বারা নিয়োগকৃত কাউন্সিল দেশটির নতুন সংবিধানের একটি খসড়া বাতিল করে দিয়েছে। গত বছর দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়ার পর নতুন সংবিধান রচনার কাজ শুরু হয়।
খসড়া সংবিধান বাতিল হয়ে যাওয়ার ফলে দেশটিতে আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ল। সংবিধান রচনা করার জন্য এখন নতুন কমিটি গঠন করতে হবে দেশটিকে। ২০১৬ সালে থাইল্যন্ডে জাতীয় নির্বাচন হওয়র কথা ছিল।
নতুন খসড়া সংবিধানে জাতীয় সংকটকালীন সময়ে ২৩ সদস্যের একটি পরিষদ ক্ষমতা গ্রহণ করার বিধান রাখা হয়েছিল। এই নিয়মটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ২৪৭ সদস্যবিশিষ্ট জাতীয় সংস্কার কাউন্সিল রবিবার ১৩৫ ও ১০৫ ভোটে এই খসড়া সংবিধান বাতিল করে দেয়।
নতুন কমিটি আরেকটি খসড়া সংবিধান রচনার জন্য ১৮০ দিন সময় পাবে। নতুন সংবিধান কার্যকর করতে তাকে গণভোটের মধ্য দিয়ে যেতে হবে। সূত্র: বিবিসি
