গাজীপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:১৭
গাজীপুরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব রানা (৪৫) ও তার ভাই সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন (৩৫)।
 
রবিবার ভোরে জয়দেবপুর থানা পুলিশ শহরের বাস ভবন থেকে তাদের গ্রেফতার করে।
 
ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব শনিবার রাতে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
 
মামলায় বাদি উল্লেখ করেন, গাজীপুর জেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের সামনে ৪ শতাংশ ডোবা জমি ভূমিসংস্কার বোর্ড থেকে লিজ প্রাপ্ত হয় ওই সাংবাদিক সমিতি। শনিবার বিকালে বাদী ওই জমিতে এসে দেখতে পান গাজীপুর মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নামীয় সাইনবোর্ড লাগিয়ে অবৈভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ করা হচ্ছে। এ সময় বাদী তার সমিতির নামে লিজকৃত জমিতে কাজ না করার জন্য নির্মাণ শ্রমিকদের নিষেধ করলে তারা জানায় আসামিদের নির্দেশে তারা নির্মাণ কাজ করছে। এ সময় খবর পেয়ে আসামিরাসহ অজ্ঞাত আরো ৪-৫ জন ঘটনাস্থলে এসে বাদীকে চলে যেতে বলেন। এর কারণ জানতে চাইলে আসামিরা ওই জমি বুঝে নিতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে জমি দখল দিবেনা বলে হুমকি দেয়।