জার্মানি অভিমুখে শরণার্থীদের স্রোত অব্যাহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:৪৭
 
হাঙ্গেরিতে বেশ ক’দিন আটকে থাকার পর হাজার হাজার শরণার্থী এখন অস্ট্রিয়া ও জার্মানির দিকে অগ্রসর হচ্ছে। অস্ট্রিয়ার সাথে সীমান্ত আর বুদাপেস্টের মূল রেল স্টেশন থেকে শত শত মানুষ ট্রেনে চড়ছে। শুধুমাত্র শনিবারই অস্ট্রিয়ায় ঢুকেছেন অন্তত ১০ হাজার মানুষ। 
 
চরম বিপদসংকুল দীর্ঘ এক যাত্রার পর ভিয়েনার রেল স্টেশনে এসব আশ্রয় প্রার্থীদের চোখে-মুখে স্বস্তির চিহ্ন ফুটে উঠেছে। জার্মানির ট্রেনে ওঠার আগে ভিয়েনার রেল স্টেশনে অপেক্ষা করছিলেন আনাউদ। তিনি সিরিয়ার রাকা থেকে পালিয়ে এসেছেন। এই তরুণী বলেন, সবাই এখানে খুব খুশি। এখন আর তারা ভয় পাচ্ছেন না। ভিয়েনাতে নারী, পুরুষ, শিশু সবাই তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে। তারা তাদের খাবার, পানি, কফি ও ব্যাগ দেয়া হয়েছে।
 
IMG0
 
সেখানে উপস্থিত শরণার্থীদের সিংহভাগই সিরিয়া থেকে যাওয়া। এদের মধ্যে প্রায় ১০ হাজার মানুষ গত শুক্র ও শনিবার জার্মানিতে পৌঁছেছে। অস্ট্রিয়ার সরকার বলছে, তাদের কাউকে আটকানোর কোনো পরিকল্পনা নেই।
 
ভিয়েনা থেকে জার্মানির মিউনিখে নেয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ।

রবিবার ভোরেও কয়েকশ’ শরণার্থী অস্ট্রিয়া থেকে ট্রেনে করে মিউনিখ স্টেশনে এসে নেমেছে। তাদের সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে এবং জার্মানির অন্যান্য শহরের ট্রেনে তুলে দেওয়া হচ্ছে।
 
ওদিকে কতো শরণার্থীকে জার্মানির আশ্রয় দেয়া উচিৎ তা নিয়ে সে দেশে বিতর্ক তীব্রতর হচ্ছে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলছেন, সংখ্যা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কিন্তু জার্মানির দক্ষিণপন্থী রাজনীতিকরা আপত্তি করছেন। তারা বলছেন, চ্যান্সেলর মের্কেল ভুল বার্তা দিচ্ছেন।
 
অন্যদিকে, অভিবাসীদের আটকে রেখে সেখানেই আশ্রয়ের জন্য আবেদন করানোর উদ্যোগ নিতে গিয়ে চাপে পড়া হাঙ্গেরি আপাতত তাদের সীমান্ত শিথিল করলেও তারা বলছে, সংসদ অনুমোদন করলে তারা সীমান্তে সৈন্য পাঠাবে। সূত্র: এএফপি