মার্কিন বাহিনীতে নতুন যুদ্ধযান জেএলটিভি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২২:০০
 
মার্কিন সেনাবাহিনীতে সাম্প্রতিক 'জেএলটিভি' নামে নতুন যুদ্ধযান যোগ হয়েছে । পূর্বের বাহন হামভির স্থলাভিষিক্ত জেএলটিভি যার পুরো নাম জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকলস শত্রুপক্ষের হামলা থেকে বেশি নিরাপত্তামূলক। অন্যান্য যুদ্ধযানের চেয়ে ৭০ শতাংশ বেশি গতিতে এবড়ো-খেবড়ো পাহাড়ি রাস্তা দিয়ে চলতে পারে । এটি এতই হাল্কা যে হেলিকপ্টার করে এক জায়গা থেকে সহজে অন্য জায়গায় বহন করা যায়।
 
জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনার গর্বের প্রতীক ছিল জিপ। কিন্তু ১৯৮০ সালে জিপ অচল হয়ে পড়ল সেনাবহিনীতে। সেই জায়গায় আনা হয় অত্যাধুনিক হামভি যুদ্ধযানকে। এই যুদ্ধযানটি বহু যুদ্ধের অংশীদার। ২০০৩ এ ইরাক যুদ্ধেও এটিকে ব্যবহার করা হয়। কিন্তু এর মধ্যেও কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। মার্কিন সেনাবাহিনী যখন ইরাকে যুদ্ধ চালাচ্ছিল সেই সময় রাস্তার পাশে পুঁতে রাখা ল্যান্ডমাইনের হাত থেকে হামভি তাঁদের বাঁচাতে পারেনি বলে দাবি ছিল সেনাবাহিনীর।
 
তখন খেকে নতুন উচ্চ প্রযুক্তিসম্পন্ন যুদ্ধযান আনার পরিকল্পনা করে মার্কিন বাহিনী। গত ২৫ অাগস্ট ৬.৭৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয় জেএলটিভি প্রস্তুতকারক সংস্থা ওসকোস-এর সঙ্গে। লকহিড মার্টিন এবং এএম জেনারেলের মতো সংস্থাগুলিকে পিছনে ফেলে মার্কিন সেনাবাহিনীর জন্য এই যুদ্ধযান প্রস্তুত আদেশ পায় এই সংস্থা।
খবর আনন্দবাজার পত্রিকার।