শরণার্থীদের আশ্রয় দেয়ার দাবিতে ইউরোপে বিক্ষোভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৫, ২২:১১
 
ইউরোপে হাজার হাজার আশ্রয়প্রার্থী মানুষের প্রতি সংহতি জানাতে ইউরোপের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নিজেদের দেশে যুদ্ধ এবং সংঘাতময় পরিস্থিতির কারলে জীবন বাঁচাতে এসব মানুষ দলে দলে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে অস্ট্রিয়া ও জার্মানিতে পাড়ি জমাচ্ছে।
 
শনিবার অভিবাসী হিসেবে আশ্রয় প্রার্থীদের প্রতি সমর্থন জানাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় মিছিল বের হয়। আরো শরণার্থীকে আশ্রয় দিতে র‍্যালি থেকে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা।
 
এ ছাড়া, জার্মানির ওরজবার্গ এবং উপারটেল শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। ইউরোপে অভিবাসী হিসেবে আশ্রয় নিতে আসা মানুষদের ওপর হামলারও নিন্দা জানান বিক্ষোভকারীরা। 
 
IMG0
 
সুইজারল্যান্ডের জুরিখ শহরে অভিবাসীদের সমর্থনে বের হওয়া শান্তি মিছিলে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ছুঁড়লে তা সহিংস রূপ নেয়। অভিবাসীদের জন্য ইউরোপের নেতারা উল্লেখযোগ্য তেমন কিছুই করছে না বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
 
জার্মানি এবং অস্ট্রিয়া সরকার অভিবাসীদের গ্রহণ করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেয়ার পর গত কয়েক দিনে হাজার হাজার মানুষ হাঙ্গেরি থেকে পাশ্ববর্তী ওই দুই প্রতিবেশী দেশে পাড়ি জমায়। এ ছাড়া, অভিবাসীদের সমর্থনে কানাডাতেও একই ধরণের বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
 
জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে তিন লাখ মানুষ ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। তবে ঝুঁকিপূর্ণ নৌকা দিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে পাড়ি জমানোর সময় পথে অন্তত আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: এএফপি