কুমিল্লার চান্দিনায় গণপিটুনিতে ইউনুছ (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার ভোরে মহিচাইল-গজারিয়া এলাকায় গণপিটুনির পর সকাল ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউনুছ চান্দিনার মহিচাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় পৌঁনে ৪টার দিকে একটি মাইক্রোবাসের পথরোধ করে ডাকাতিকালে যাত্রীসহ স্থানীয়রা ডাকাত ইউনুছকে গণপিটুনি দেয়। পরে চান্দিনা থানার এস আই স্বপন কুমার দাশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
চান্দিনা থানার এস আই সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমরা ঘটনাস্থলে স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ করেছি। ডাকাতি ও হত্যাকাণ্ডে পৃথক দুইটি মামলা দায়ের করা হবে।'
