যুক্তরাজ্যে সংবাদপত্রে প্রকাশিত এক নতুন জরিপে বলা হয়েছে, ব্রিটেনের যত নাগরিক ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে তার চেয়ে অধিক সংখ্যক ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। খবর এএফপির।
সার্ভেশন গবেষণা সংস্থা গত ৩ ও ৪ সেপ্টেম্বর ১ হাজার ৪ জন লোকের ওপর অনলাইনে এ জরিপ চালায়।
২০১৭ সালে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা-না-থাকা নিয়ে অনুষ্ঠেয় এক গণভোটের প্রাক্কালে নতুন জরিপে এ তথ্য প্রকাশ পেলো।
এই প্রথম কোনো জরিপে ইইউ থেকে বের হয়ে যাবার পক্ষের মানুষের সংখ্যা বিপক্ষের মানুষের চেয়ে বেশি হল। সার্ভেশন গবেষণা সংস্থার করা এ জরিপটি সানডে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, ব্রিটেনের ৪৩ শতাংশ বাসিন্দা বলেছেন, তারা ইইউ ত্যাগের পক্ষে ভোট দেবেন। ৪০ শতাংশ বলেছেন, তারা ইইউতে থাকার পক্ষে ভোট দেবেন। ১৭ শতাংশ বলেছেন, তারা এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি।
