পাবনার চাটমোহরে গবাদি পশুর ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন দিনে বিভিন্ন এলাকায় ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে অন্তত ১৫টি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে শতাধিক। ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামেই মারা গেছে ১০টি গরু। আক্রান্ত হয়েছে অর্ধ শতাধিক। আক্রান্ত ও মৃত গবাদি পশুর মধ্যে রয়েছে- গাভী, বকনা বাছুর ও ষাঁড়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হলদার বলেন, 'আক্রান্ত এলাকায় গিয়ে খামারী ও গবাদি পশুর মালিকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। কাটাখালী গ্রামে বাছুরসহ ৫-৬টি গরু মারা গেছে। বিচ্ছিন্নভাবে কিছু গরু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২-৪টি মারাও গেছে। ইতোমধ্যে গরুকে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।'
