লোহাগড়ায় দুটি হত্যা মামলায় ৫৯ আসামি কারাগারে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫১
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুটি হত্যা মামলায় ৫৯ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের পর বিজ্ঞ বিচারক মো. হারুন অর রশিদ জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
ওই কোর্টের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মিতা রানী মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উপজেলার কুমড়ি গ্রামের ইলিয়াস আলী হত্যা মামলায় ৩৭ জন এবং একই উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মোহাম্মদ মল্লিক হত্যা মামলায় ২২জন আসামি আদালতে হাজিরা দেন। 
 
উল্লেখ্য, গত ২৪ অগাস্ট কুমড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা কুমড়ি গ্রামের শেখ বনিরুল ইসলাম বণি ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ লতিফুর রহমান পলাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ ঢাল, সড়কি ও ইটপাটকেল নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে গুলি চালালে সৈয়দ ইলিয়াস আলী ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় তিনদিন পর ২৬ অগাস্ট নিহতের ছোট ভাই হেদায়েত আলী বাদী হয়ে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানসহ ৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন।
অন্যদিকে উপজেলার দোয়া মল্লিকপুরগ্রামের মোহাম্মদ মল্লিককে ১৪ অগাস্ট রাত সাড়ে আটটার দিকে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছেলে মো. আলমগীর মল্লিক বাদী হয়ে ঘটনার দুদিন পর ২২জনকে আসামি করে হত্যা মামলা করেন।