বগুড়ায় আদালত চত্বরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। আহত মতিউর রহমান রুমি (৩৫) কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।
সোমবার দুপুর একটার দিকে জেলা জজ আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মতিউর রহমান রুমি একটি মামলায় হাজিরা দিয়ে জজ আদালত থেকে বের হয়ে আদালত চত্বর এলাকায় আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার পেট ও ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন। বর্তমানে তিনি সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
