ফিলিস্তিনের পশ্চিম তীরে গত ৩১ জুলাই উগ্রপন্থী ইহুদিদের অগ্নিসংযোগের ঘটনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি শিশু ও তার সপ্তাহখানেক পর তার বাবা মারা যায়। এবার নিহত শিশুটির মা'ও মারা গেলেন। খবর- খবর আলজাজিরা ও বিবিসির।
এক মাসেরও বেশি সময় ভুগার পর ইসরাইলের একটি হাসপাতালে রবিবার রাতে মারা যান রিহাম দওয়াবশা (২৬)। তার শরীরের ৮০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছিল। দৌমা গ্রামের দুটি বাড়িতে ৩১ জুলাই ভোরের দিকে দাহ্য তরল পদার্থ ও ককটেল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয় একদল উগ্রপন্থী ইহুদি।
ওই ঘটনায় রিহামদের পরিবারের চার সদস্যই অগ্নিদগ্ধ হন। অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় রিহামের ১৮ মাস বয়সী ছেলে আলী সাদ দওয়ারশা। এর আট দিন পর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান রিহামের স্বামী সাদ।
রিহামের অপর সন্তান ৪ বছর বয়সী আলী এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ইসরাইলী কর্তৃপক্ষ বেশ কয়েক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
তেল আবিবের তেল হাশোমার হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, গত রাতে রিহাম দাওয়াবশা মারা যান। মৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন সোমবার তাকে দাফন করা হবে।
