ইসরাইল সিরিয়ার কোনো শরণার্থীকে আশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে শ্ররণার্থীদের আশ্রয় দেয়ার সক্ষমতা রাখে না বলে জানান নেতানিয়াহু।
ইসরাইলের প্রধান বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন পার্টির নেতা ঈসাক হারজোগ নেতানিয়াহুর কাছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেয়ার আবেদন জানান বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।
উত্তরের প্রতিবেশী সিরিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক বরাবরই বৈরি। আন্তর্জাতিক মহল থেকেও সীমান্ত খুলে দেয়ার কোনো চাপ দেশটির ওপর নেই। তবুও শরণার্থীদের আশ্রয় দেয়া নেতানিয়াহুর মানবিক দায়িত্ব বলে মনে করেন হারজোগ।
তিনি বলেন, অত্যাচারের হাত থেকে বাঁচতে যখন মানুষ তাদের শিশুদের নিয়ে ফটকের সামনে এসে দাঁড়ায় তখন ইহুদীদের প্রধানমন্ত্রী নিজের হৃদয়ের দরজা বন্ধ করে রাখতে পারেন না।
এর জবাবে মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, 'সিরিয়ায় শরণার্থীরা যে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সে বিষয়ে ইসরাইল উদাসীন নয়। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার অনেক আহত ব্যক্তিকে ইসরাইলের হাসপাতালগুলোতে চিকিত্সা দেয়া হয়েছে। কিন্তু ইসরাইল অনেক ছোট দেশ। ভৌগলিক এবং জনতাত্ত্বিক উভয় দিক দিয়েই আমাদের সক্ষমতা কম।'
আরব শরণার্থীদের আশ্রয় দিলে দেশের জনতাত্ত্বিক ভারসাম্য নষ্ট হবে বলে আশংকা এই নেতার। ওদিকে সিরিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে বাস করে আসা ফিলিস্তিনীদের ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ঢুকতে দেয়া উচিত বলে মনে করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সূত্র: রয়টার্স
