কুর্দিস্তান ওয়ার্কারস পার্টির(পিকেকে) যোদ্ধাদের হামলায় তুরস্কের হাক্কারি প্রদেশে বেশ কয়েকজন তুর্কি সেনা হতাহত হয়েছে। পিকেকে'র দাবি নিহতের সংখ্যা ১৫।
তুর্কি গণমাধ্যমগুলোও হামলার খবর জানিয়েছে। কতজন সেনা মারা গেছে তুরস্কের সেনাবাহিনী তত্ক্ষণাৎ তা জানায়নি। এ ঘটনার পরই কুর্দিদের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে তুরস্কের বিমান বাহিনী।
সরকারি বার্তা সংস্থা আনাতোলিয়া জানায়, তুরস্কের হাক্কারি প্রদেশের দাগলিকায় সামরিক বহরে পিকেকের হামলায় কয়েকজন সেনা নিহত হয়েছে। সামরিক বহর যাওয়ার সময় রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়। সাথে সাথে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় কুর্দি যোদ্ধারা।
আড়াই বছর আগে করা শান্তি চুক্তির পর তুরস্কের সেনাবাহিনীর ওপর কুর্দিদের এটাই সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতি ভঙ্গের জন্য তুর্কিদের দায়ী করছে পিকেকে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন ১২টি স্থানে পিকেকে যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তুরস্কের কুর্দিরা স্বাধীন কুর্দিস্তানের দাবিতে ১৯৪৮ সালে অস্ত্র হাতে তুলে নেয়। তবে এখন তারা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করছে। সূত্র: আল জাজিরা
