গোবিন্দগঞ্জে নির্যাতনে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ২১:২০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামী ও শাশুড়ির নির্যাতনে রিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের রমজান আলীর মেয়ে ও একই ইউনিয়নের কমল নারায়নপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
 
এ ঘটনায় স্বামী, শাশুড়ি, নদদ ও অজ্ঞাত একজনসহ চারজনকে আসামি করে সোমবার সন্ধ্যায় হত্যা মামলা হয়েছে।
 
জানা গেছে, ৫/৬ বছর আগে রিনার সঙ্গে রেজাউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা কারণে অকারণে তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। ঘটনার পরিক্রমায় শনিবার রিনাকে আবারো স্বামী, শাশুড়ি ও নদদ মারপিট করে। এতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে ঘটনা অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে।