ইউরোপজুড়ে এক লাখ ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে আগামী দুই বছরে ফ্রান্স আরো ২৪ হাজার শরণার্থী নেবে বলে প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ জানিয়েছেন। অপরদিকে জার্মানিতে আরো ৩১ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হবে বলে জানা গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকটের মুখে পড়েছে ইউরোপ। ফ্রান্স ও জার্মানির শরণার্থী নেয়ার ঘোষণা দিলেও এমন পরিকল্পনার বিরোধিতা করেছে হাঙ্গেরির প্রেসিডেন্ট। তিনি চান শরণার্থীদের ইউরোপে আশ্রয় না দিয়ে বরং তুরস্কে থাকার ব্যবস্থা করা হোক। এর জন্য প্রয়োজনে তুরস্ককে আর্থিকভাবে সহায়তা করার পক্ষে হাঙ্গেরি।
শরণার্থীদের আশ্রয় দেয়া নিয়ে বুধবার ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট জ্য-ক্লদ জাঙ্কার বিস্তারিত একটি প্রস্তাব উত্থাপন করবেন। এর আগে ৪০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার কথা জানিয়েছিলেন ইসি প্রেসিডেন্ট। সংগঠনটির কর্মকর্তারা জানিয়েছেন, আরো এক লাখ ২০ হাজার শরণার্থী নেয়ার ঘোষণা দিবেন জাঙ্কার। সূত্র: আল জাজিরা
