নওগাঁ থেকে ঢাকামুখী বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সোমবার রাত ১২টা থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বগুড়া রুটে যানবাহন চলাচল স্বাভাবিক না হলে পরবর্তীতে নওগাঁ থেকে সব রুটে সব রকমের যানবাহন বন্ধ করে দেয়ার আল্টিমেটাম ঘোষণা করেছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এছাড়াও মঙ্গলবার সকাল থেকে নওগাঁ থেকে বগুড়া অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক সমাবেশে এ ঘোষণা দেন।
ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডিএম লেনিন প্রমুখ বক্তব্য রাখেন।
