৭৫০ সিরীয় শরণার্থী নেয়ার ঘোষণা নিউজিল্যান্ডের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১০:০২


আগামী তিন বছরে ৭৫০ জন সিরীয় শরণার্থীকে নেয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। ইউরোপে মানবিক সংকট মোকাবেলায় সাড়া দানের জন্য ব্যাপক চাপ আসার প্রেক্ষাপটে সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটি।

দেশটির অভিবাসন মন্ত্রী মাইকেল উডহাউস বলেন, সরকারের বিদ্যমান কোটার আওতায় সিরীয়দেরকে ১৫০ টি স্থানে যাওয়ার প্রস্তাব দেয়া হবে। এছাড়া একটি বিশেষ জরুরী কর্মসূচির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আরো ৬শ’ লোককে গ্রহণ করা হবে।

অভিবাসী নেয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য একটি কোটা নির্ধারিত আছে। চলমান কোটা অনুযায়ী দেশটিকে ৭৫০ জন অভিবাসীকে নিতে হবে। ১৯৮৭ সালের পর এ কোটা আর বাড়েনি।

উডহাউস বলেন, সিরিয়া ও ইউরোপে বর্তমানে যে মানবিক সংকট চলছে তা নিয়ে নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষের মত সরকারও খুবই উদ্বিগ্ন। সিরিয়া ও ইউরোপে সম্প্রতি মানবিক সংকট আরো জোরালো হয়েছে।

প্রধানমন্ত্রী জন কি গত সপ্তাহে আগামী বছরের আগ পর্যন্ত শরণার্থীর কোটা পরিবর্তনের কথা নাকচ করেছিলেন। তবে এখনকার ঘোষণায় রক্ষণশীল সরকারের অবস্থান পরিবর্তনের বিষয়টিই প্রতীয়মান হয়েছে।

তুরস্কের সমুদ্র সৈকতে সিরীয় শরণার্থী শিশু আয়লানের লাশ ভেসে আসার ছবি প্রকাশিত হওয়ার পর অভিবাসীদের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে নিউজিল্যান্ডের জনগণ দাবি তোলে।

প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া আরো সিরীয় শরণার্থী নেয়ার আগ্রহের কথা জানানোর একদিন পর নিউজিল্যান্ডও আরো শরণার্থী নেয়ার এ ঘোষণা দিল। অস্ট্রেলিয়া আরো সিরীয় শরণার্থী নেয়ার ঘোষণা দিলেও বিদ্যমান ২০১৫-১৬ সালের শরণার্থী কোটা বৃদ্ধি করবে না। কোটা অনুযায়ী শরণার্থী নেয়ার কথা ১৩ হাজার ৭৫০।

-বাসস