লক্ষ্মীপুরের রায়পুরে হামদে রাব্বী (২৮) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের পুলিশ একটি সুপারি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। রাব্বী সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের নুরু পাটোয়ারীর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী জোসনা আক্তারসহ তিন জনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, প্রায় ৩ বছর আগে সদর উপজেলার নুরু পাটোয়ারীর ছেলে রাব্বীর সঙ্গে বামনী ইউনিয়নের জয়নাল আবদিনের মেয়ে জোসনা আক্তারের বিয়ে হয়। এরপর থেকে তারা রায়পুর পৌর শহরের মধুপুরে একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করেন। কয়েদিন আগে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোসনা তার বাবার বাড়িতে চলে আসেন। মঙ্গলবার ভোরে জোসনাদের বাড়ির পাশের বাগানের একটি ছোট সুপারি গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে তার লাশ উদ্ধার করে। স্ত্রী, শ্বশুর ও শ্বশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের স্ত্রী জোসনা আক্তার জানান, প্রায় সময় রাব্বী আত্মহত্যার চেষ্টা করতো। সোমবার রাতে মোবাইল ফোনে কথা বলতে না চাইলে তিনি বাড়ির পাশে এসে আত্মহত্যা করেন।
রায়পুর থানার ওসি (তদন্ত) জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'রাব্বীর ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। রহস্যজন মৃত্যু হিসেবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রির্পোট আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।'
