কুর্দি যোদ্ধাদের নিশ্চিহ্নের হুঁশিয়ারি তুর্কি প্রধানমন্ত্রীর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১১:৪৩


কুর্দি যোদ্ধাদের নিশ্চিহ্নের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগ্লু।  কুর্দি যোদ্ধাদের বোমা হামলায় ১৬ তুর্কি সেনা নিহতের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের সেনাবাহিনী জানায়, রবিবার হাক্কারি প্রদেশে কুর্দি যোদ্ধাদের হামলায় ১৬ তুর্কি সেনা নিহত হয়। এদিকে এরপর থেকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে দেশটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে আমাদের নিরুৎসাহিত করতে পারেন না। ওইসব পাহাড়, যেখানে সন্ত্রাসীরা আছে, সেগুলো পরিষ্কার করা হবে। এ জন্য যা দরকার, তাই করা হবে।’

এর আগে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হামলার কঠোর জবাব দেওয়ার কথা বলেন।

এদিকে দাভুতোগ্লু আরো বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের হামলায় নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য নিহত হয়েছে এবং তাতে এই বাহিনী যে কষ্ট পেয়েছে, তা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।’