চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার হরিসভা এলাকায় ভাঙন দেখা গিয়েছে। মেঘনার ভাঙনে অল্প সময়ের ব্যবধানে ৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সোমবার রাত দুইটা থেকে শুরু হওয়া ভাঙনে ঐ এলাকার শহর রক্ষা বাঁধের কয়েকশ’ সিসি ব্লক নদীতে ভেসে গেছে। এতে একটি বসতবাড়ি নদীতে তলিয়ে যায়।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড শহর রক্ষা বাঁধের কর্মকর্তা (এসও) মো. মাহবুবুল করিম জানান, উজানের তীব্র পানির চাপে ভাঙনের তীব্রতা আরো ব্যাপক হতে পারে।
তিনি জানান, জরুরি ভিত্তিতে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে। ভাঙনস্থলে জিও টেক্সটাইল ব্যাগ ও ব্লক ফেলা হবে।
সকালে ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশসুপার শামসুন্নাহার, পৌরমেয়র নাছির উদ্দিন আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
