বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘুদের ভারতে থাকার অনুমতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫৩


বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা সে দেশের সংখ্যালঘু উদ্বাস্তুদের ভারতে থাকার অনুমতি দিল মোদি সরকার।

সোমবার ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ এবং পাকিস্তানের যে সমস্ত সংখ্যালঘু নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢুকেছেন এবং যাদের বৈধ কাগজের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, মানবিকতার খাতিরে, তাদের প্রত্যেককেই পাসপোর্ট আইন (১৯২০) এবং ফরেনার্স আইন (১৯৪৬)-এর আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের বহু সংখ্যালঘু মানুষকেই ধর্মের কারণে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। যার জেরে তাঁরা বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই ধরনের বাংলাদেশি এবং পাকিস্তানি নাগরিকদের ভারতে থাকার অনুমতি দিচ্ছে কেন্দ্রীয় সরকার।