ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচে সংঘর্ষে মাঝির মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৩১
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা বাইচের সময় সংঘর্ষে বৈঠার আঘাতে আহত মাঝি এরশাদ মিয়া (৪৫) নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বিজয়নগরের গোপীনাথপুর এলাকার হেকমত আলী মিয়ার ছেলে। 
 
জানা গেছে, শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত তিতাস নদীতে নৌকা বাইচের সময় বিজয়নগর উপজেলার বুলা গ্রামের নৌকার সঙ্গে মনিপুর দত্তখলা নৌকার প্রতিযোগী মাঝিদের সংঘর্ষ বাঁধে। এ সময় নদীতে মাঝিরা বৈঠা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় আহত ২০জনের মধ্যে ৫ জনকে ব্রাহ্মণনবাড়িয়া সদর হাসপতালে ভর্তি করা হয়। বৈঠার আঘাতে গুরুতর আহত এরশাদ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতলে ভর্তি করা হয়। পরে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন জানান, নৌকাবাইচে সংঘর্ষে আহত এরশাদ মিয়া ঢাকায় হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপরে অভিযোগ দায়ের হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।