ফেসবুকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সুচি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৪

মাত্র পাঁচ বছর আগে গৃহবন্দী থাকার সময়ে মায়ানমারের বিপ্লবী নেত্রী অং সান সুচি বলেছিলেন তিনি একটি টুইটার একাউন্ট খুলে বিশ্ববাসীর সঙ্গে ‘চ্যাট’ করতে চান। আজ ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই বছরের নভেম্বরের ৮ তারিখের ঐতিহাসিক নির্বাচনের প্রচারণা শুরু করেছেন তিনি।


ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এনএলডি নেত্রী বলেন, এটা আমাদের দেশের ঘুরে দাড়ানোর একটি মাহেন্দ্রক্ষণ। প্রথম বারের মতো আমাদের দেশের মানুষেরা দেশে প্রকৃত পরিবর্তন আনার সুযোগ পাবে। বার্মিজ ও ইংরেজি ভাষায় দেওয়া এই বক্তব্যে সুচি আরো বলেন, আমরা আশা করবো পুরো বিশ্ব জানুক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের জন্য কত গুরুত্বপুর্ণ।


নভেম্বরের ৮ তারিখের নির্বাচনকে ৫০ বছর ধরে সামরিক জান্তা নিয়ন্ত্রিত মায়ানমারের গণতন্ত্রে উত্তরণের একটি ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৯০ টির মতো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে। দ্য হিন্দু