গ্রিসে ফের শরণার্থী-পুলিশ সংঘর্ষ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪০
 
গ্রিসের লেসবোস দ্বীপে সোমবার রাতে পুলিশ ও অভিবাসীদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। গত মাসেও শরণার্থীদের ওপর গ্রিসের পুলিশ লাঠিচার্জ করেছিল। কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়ে উঠেছে।
 
কোস্টগার্ড ও দাঙ্গা পুলিশ লেসবোসে অবস্থানরত প্রায় ২৫০০ অভিবাসীকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। অভিবাসীরা এথেন্সগামী একটি সরকারি জাহাজে ওঠার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদেরকে ‘পিছু হটার’ নির্দেশ দেয়ার পর এই সংঘর্ষ বাধে।
 
মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় যুদ্ধবিগ্রহ ও দারিদ্রের কারণে পালিয়ে আসা জনস্রোত সামলাতে ইউরোপের দেশগুলো নাজেহাল হয়ে পড়ছে। বলকান ও ভূমধ্যসাগর দিয়ে প্রতিদিন হাজার হাজার শরণার্থী ইউরোপে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।
 
লেসবোসে ১৫ হাজারেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই সিরিয়া থেকে যাওয়া। পশ্চিম ইউরোপে যাওয়ার জন্য পার্শ্ববর্তী তুরস্কের উপকূল থেকে আসা শরণার্থীদের ঢল নামছে গ্রিসের বিভিন্ন দ্বীপে। গ্রিসের যে কয়টি দ্বীপ এ ধরণের পরিস্থিতির মধ্যে রয়েছে লেসবোস তার মধ্যে অন্যমত। সূত্র: এএফপি