নাটোরো আরো দুই মাদরাসা ছাত্র অপহৃত, মুক্তিপণ দাবি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৪৫
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কওমি মাদরাসার আরো দুই ছাত্র অপহৃত হয়েছে। এরা হলো, উপজেলার রাজাপুর বাজারের রফিকুল ইসলামের ছেলে খালেদ সাইফুল্লাহ (১২) ও পাবনার আটঘড়িয়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের আয়নাল সর্দারের ছেলে আমিনুল ইসলাম (১২)। দীর্ঘ দিন ধরে তারা ওই মাদরাসায় লেখাপড়া করছে।
 
সোমবার রাত ও মঙ্গলবার সকালে অপহরণকারীরা এদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে একটি বিকাশ নম্বর দেয়। মঙ্গলবার অপহৃতদের পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে।
 
অপহৃতদের পরিবার জানায়, মুক্তিপণের কিছু টাকা বিকাশের মাধ্যমে পরিশোধও করা হয়েছে। প্রসঙ্গত, এনিয়ে গত ১০দিনে জেলায় কওমি মাদরাসার চার ছাত্র অপহৃত হয়েছে। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে।
 
জেলা পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলেন, ‘এসব ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না। প্রতিটি ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের আটক এবং অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।’