পাটগ্রামে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ধরলা নদীস্থ ব্রিজের কাছ থেকে জিতেন রায় (৫৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থানার ১৪১ কামাত চ্যাংরাবান্ধা গ্রামের মেদী রায়ের ছেলে।
 
পাটগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিজিবির সহায়তায় লাশটির ছবি তুলে ভারতীয় বিএসএফ, পুলিশকে দেয়া হলে জিতেনের নিকট আত্মীয়রা এসে লাশটি সনাক্ত করে। লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।