লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়িতে হামদে রাব্বী (২৮) নামে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে স্ত্রী জোছনা আক্তারসহ তিনজনকে হত্যা মামলার আসামি করে নিহতের বাবা নুরু পাটোয়ারী এ মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক স্ত্রী জোছনা আক্তার, শ্বশুর ও শাশুড়িকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা নিহতের স্ত্রী জোসনা আক্তার জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু হলেই প্রায় সময় রাব্বী আত্মহত্যার চেষ্টা করতো। সোমবার রাতে মোবাইল ফোনে কথা বলতে না চাইলে তিনি বাড়ির পাশে এসে আত্মহত্যা করেন। তাকে কেউ হত্যা করেনি।
রায়পুর থানার ওসি (তদন্ত) জহিরুল হক মামলা বিষয় নিশ্চিত করে বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য আনা স্ত্রীসহ তিনজনকে নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে মৃত্যুটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের রিপোর্ট আসা ছাড়া কিছু বলা যাচ্ছে না।'
মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের শ্বশুরবাড়ির পাশের বাগানে ছোট একটি সুপারিগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহত রাব্বীর ডান পায়ে আঘাতের চিহ্ন থাকে। রাব্বী সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের নূরু পাটোয়ারীর ছেলে।
