সাপাহারে সাপের দংশনে যুবকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৪
নওগাঁর সাপাহারে সাপের দংশনে মনিরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে স্থানীয় এক কবিরাজ ঝাড়ফুঁকের এক পর্যায়ে দিঘীরহাটে তার মৃত্যু হয়। মনিরুল ইসলাম উপজেলার যুগিডাঙ্গা গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে মনিরুল ইসলাম তার নিজ ঘর থেকে বের হয়ে বাড়ির বাহিরে যান। এমন সময় একটি সাপ তার পায়ে ছোবল দেয়। সাপের বিষক্রিয়ায় চিৎকার শুরু করলে বাড়ির লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে। ভোর রাতে স্থানীয় দিঘীরহাট এলাকায় গোলাম মোস্তফা নামের এক কবিরাজের কাছে নিয়ে যায়। এরপর তিনি সাপের কামড়ে আহত মনিরুলের ঝাড়ফুঁক শুরু করলে এক পর্যায়ে সকাল ৯টার দিকে মারা যান।
 
মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইসচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, আধুনিক যুগে ঝাড়ফুঁকের নিয়ম নেই। মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।