চুয়াডাঙ্গায় ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৯


চুয়াডাঙ্গা শহরে দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শহরের শেখ পাড়ায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ও রেলওয়ে স্টেশনের কাছে গমপট্টি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে আরো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক মোটরসাইকেলে করে শেখ পাড়ায় স্কুলের সামনে এসে পরপর দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে গমপট্টিতে আরো দুটি ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় কারা জড়িত, তা জানতে পারেনি পুলিশ। তবে অভিযান অব্যাহত রয়েছে।