পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিতে ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার রাতে রো-রো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাকাতির প্রস্ততি নেয়ার সময় গোপন খবরের ভিত্তিতে ওসি রকিবুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের আবেদ আলীর ছেলে জামাল মালত (৪৫), বিলাত আলীর ছেলে মোনাক্কা প্রামানিক ( ৪৩), ময়েজ উদ্দিনের ছেলে আলা উদ্দিন (৪৩), দক্ষিণ দৌলতদিয়ার হাতেম আলীর ছেলে রউফ সরদার (৪০) ও ইদ্রিসপাড়া গ্রামের কছিমদ্দিনের ছেলে আমজাদ মন্ডল (৩০)।
জানা গেছে, আটককৃতরা ফেরি, লঞ্চে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। তারা শিবালয় উপজেলার আরুয়ায় ইতিপূর্বে ডাকাতির ঘটনায় জনতার হাতে আটক হয়।
