গাংনীতে গাঁজা বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৯
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে জিয়ারুল ইসলাম (৩০) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। বুধবার বেলা ১ টার সময় গাংনীর মালশাদহ তেলপাম্প এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে এ দণ্ডাদেশ দেন তিনি। দণ্ডিত জিয়ারুল ইসলাম গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের মারফত আলীর ছেলে।
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বুধবার সকাল ৮ টার দিকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমার অভিযান চালিয়ে কোলকি ও ৫ গ্রাম গাঁজাসহ জিয়ারুল ইসলামকে বাওট গ্রাম থেকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নানের আদালতে সোপর্দ করা হলে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।