দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে উপজেলার বড়চড়া রেললাইন থেকে ২০ গজ পশ্চিম পার্শ্বের একটি ধান ক্ষেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, লাশের নাক-মুখে রক্ত লাগানো ছিল। শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্নসহ বাম পাটি ভাঙ্গা ছিল। তবে তার পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
