হাতিয়ায় ৯ জলদস্যু আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৩
 
নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেংগার চরে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ নয় জলদস্যুকে আটক করা হয়েছে। বুধবার ভোরে হাতিয়া থানা পুলিশ ও কোস্টগার্ড এ অভিযান চালায়।
 
আটককৃতরা হলেন- সালাউদ্দিন (২৮), জুয়েল (২০), রিয়াজ (২২), দুলাল (২৫), সেলিম (৪০), মো. ফারুক (২৮), শাহপরান (২৯), দিদার উদ্দিন (২২), সোহেল (২৩)। এদের মধ্যে সোহেলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এবং বাকি আটজনের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
 

হাতিয়া থানা ওসি নুরুল হুদা জানান, জলদস্যু সর্দার কাওয়া কামালের নেতৃত্বে হাতিয়ার সীমানায় মেঘনা নদীতে ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।