পঁচিশ বছর আগের তুলনায় বিশ্বে শিশু মৃত্যুর হার ৫৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর বিবিসির।
১৯৯০ সালে পাঁচ বছরের নিচে ১ কোটি ২৭ লাখ শিশু প্রতিবছর মারা যেত। কিন্তু ২০১৫ সালে সেই সংখ্যা মাত্র ষাট লাখে এসে দাঁড়িয়েছে। তবে সাহায্য সংস্থাগুলো বলছে—এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। কারণ শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশের নিচে নামিয়ে আনার জাতিসংঘের লক্ষ্য এখনো অর্জিত হয়নি।
ইউনিসেফের উপনির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা বলেন, এটি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। কিন্তু এখনো অনেক শিশু এমন সব রোগে মারা যাচ্ছে, যা আসলে প্রতিরোধ করা সম্ভব। তাই এখনো আমাদের অনেক কাজ করতে হবে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন পাঁচ বছরের নিচে ১৬ হাজার শিশু মারা যাচ্ছে।
এদের বেশির ভাগ অপুষ্টি, নিউমোনিয়া, ডায়ারিয়া বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এদের অন্তত ৪৫ শতাংশই একমাস পূর্ণ হওয়ার আগেই মারা যাচ্ছে। যে সব দেশে অগ্রগতি হয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। সাহারা মরুভূমির আশপাশের দেশগুলোর শিশুরাই সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।
