যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্ধেকের ডায়াবেটিস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ০১:৩৯
 
মঙ্গলবার প্রকাশিত জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন (জেএএমএ)’র নতুন এক গবেষণায় দেখা গেছে, ২০১১-১২ সালে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৪০ শতাংশ প্রাক-ডায়াবেটিস এবং ১২ থেকে ১৪ শতাংশ ডায়াবেটিসে ভুগছেন।
 
দেশটিতে ল্যাটিন আমেরিকার বংশোদ্ভূত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ২২ দশমিক ৬ শতাংশ ডায়াবেটিস ভুগছেন। এরপর আফ্রিকান আমেরিকানদের মধ্যে ২১ দশমিক ৮ শতাংশ, এশিয়া-আফ্রিকানদের ২০ দশমিক ৬ শতাংশ এবং শ্বেতাঙ্গদের মধ্যে ১১ দশমিক ৩ শতাংশ ডায়াবেটিসে ভুগছেন।
 
১৯৮৮ থেকে ১৯৯৪ সালের মধ্যে মোট জনগোষ্ঠীর ৯ দশমিক ৮ শতাংশ ডায়াবেটিস রোগী ছিল। ২০০১-২০০২ সালে তা বেড়ে হয় ১০ দশমিক ৮ শতাংশ। আর নতুন গবেষণায় দেখা গেছে, ২০১১-১২ সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১২ দশমিক ৪ শতাংশ।
 
ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে গেলেও গবেষকরা বলছেন, এ হার সামান্য। যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত। এ খাতে ২০১২ সালে ২৪৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। সূত্র: এএফপি