গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ২০:২৪
 
রাজধানীর সূত্রাপুরে হেমন্ত দাস রোডে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ শহিদুল ইসলাম কালু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
 
শহিদুল ইসলামের খালাতো ভাই মো. ইব্রাহিম জানান, গত শুক্রবার রাতে মিস্ত্রি এনে শহিদুল গ্যাসের চুলা মেরামত করছিলেন। এ সময় চুলাটি বিস্ফোরিত হয়ে তিনিসহ তিনজন গুরুতর আহত হন। রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে শহিদুল ইসলাম কালু মারা যান।
 
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শঙ্কর পাল জানান—কালু মিয়ার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
তিনি আরো  জানান—শহিদুল ইসলামের ভাগ্নে মিশু ইয়াশফিরও (৩) ৩০ শতাংশ পুড়ে গেছে। চুলার মিস্ত্রি রমজান আলীর (৪০) ১৫ শতাংশ দগ্ধ হওয়ায় তিনি শঙ্কামুক্ত।
 
জানা গেছে, শহিদুল ইসলাম কালু বাংলাবাজার হেমন্ত দাস রোডের মৃত শফিকুর রহমানের ছেলে।