বাগাতিপাড়ায় ভুয়া কার্যাদেশ দেখিয়ে গাছ কেটে সাফ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ২০:৩৩
 
নাটোরে জেলা পরিষদের ভুয়া কার্যাদেশ বের করে রাস্তার গাছ কেটে সাফ করার ঘটনা ঘটেছে। গাছ কাটার সময় বুধবার বিকেলে জেলা পরিষদের এক পিয়নসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ।
 
পুলিশ ও আটককৃতরা জানায়, নাটোর জেলা পরিষদের আওতাভুক্ত বাগাতিপাড়া-লালপুর সড়কের চিমনা থেকে ওয়ালিয়া বাজার পর্যন্ত এলাকার তাজা, মরা ও ভাঙ্গা গাছ গত দুদিন ধরে কাটা হচ্ছিল।
 
খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কার্যাদেশ দেখতে চাইলে তারা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আজমল হোসেন স্বাক্ষরিত একটি কাগজ দেখান। সেখানে সদরের ছাতনী গ্রামের জনৈক শাহাদত হোসেন ছয় হাজার ৬৩৬ টাকায় এই সড়কের বিভিন্ন প্রজাতির ৪১টি মরা ও ভাঙ্গা গাছ কাটার কার্যাদেশ পেয়েছেন এমন কথা লেখা ছিল।
 
পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা পরিষদে খবর নিয়ে জানতে পারেন এ ধরনের কোন কার্যাদেশ দেয়া হয়নি। এ সময় পুলিশ ডেকে নাটোর জেলা পরিষদের পিয়ন সদর উপজেলার ছাতনী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজেদুর রহমান, একই গ্রামের রফিকুল ইসলাম (৩০), একই এলাকার হারিগাছা গ্রামের আব্দুল্লাহ মিয়া (৬০) ও বনবেলঘড়িয়া গ্রামের মাসুদ রানা (৩৩) কে আটক করে।
 
এ ঘটনায়  নাটোর জেলা পরিষদের সিএ রুস্তম আলী বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় বিভিন্ন প্রজাতির ৪১টি মরা ও ভাঙ্গা গাছের পাশাপাশি ৩০টি ভাল গাছ কাটার অভিযোগ করা হয়েছে।