মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই ট্রলি ঠেকিয়ে নগদ টাকাসহ মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টায় রাইপুর-এলাঙ্গী সড়কের কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার রাইপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে ট্রলি চালক ইমরান হোসেন (২৭), দবির উদ্দীনের ছেলে আবু তালেব (৩৩), রাইতাল আলীর ছেলে জাহিদ হোসেন (২৫), একই গ্রামের মহিন উদ্দীন (২৫) ও হাসিবুল ইসলাম (২৬)।
গরু ব্যবসায়ী আবু তালেব বলেন, 'গত বুধবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ী আলমডাঙ্গা হাট থেকে গরু কিনে ট্রলি বোঝাই করে নিজ গ্রাম এলাঙ্গী ফিরছিলাম। কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌছালে ১৫-২০ জনের একটি ছিনতাইকারী দল আমাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা আমাদের রশি দিয়ে বেঁধে রেখে নগদ ২০ হাজার টাকা, ৫টি মোবাইলসেটসহ আনুমানিক ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রতিরোধ করতে গেলে ছিনতাইকারীরা হামলা চালায়।একই সঙ্গে রাইপুর গ্রামের কয়েকজন মাতব্বর একটি দ্বন্দ্ব নিরসনে অটো গাড়ি যোগে ওই সড়ক দিয়ে এলাঙ্গী গ্রামে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা তাদেরও গতিরোধ করে। তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় তারা প্রতিরোধ করতে গেলে ডাকাতরা তাদের হামলা চালায়। পরে কয়েকজন চিৎকার করলে তারা পালিয়ে যায়।
