‘ব্যাংকক হামলার মূল হোতা বাংলাদেশে পালিয়েছে’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১২:০১
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মন্দিরের কাছে বোমা হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশে পালিয়েছে বলে ধারণা করছে দেশটির পুলিশ। বুধবায় রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মূল পরিকল্পনাকারী হামলার আগের দিন চীনের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে পালিয়েছে।
 
পুলিশ বলছে, ‘ইজান’ নামের এক ব্যক্তি হামলা পরিকল্পনায় মূল ভূমিকা পালন করেন। ব্যাংককে এক বৈঠকে তিনি অন্যদের দায়িত্ব বুঝিয়ে দেন। ব্যক্তিটি ঠিক কোন দেশের নাগরিক তা এখনো বলতে পারেনি পুলিশ।
 
থাই পুলিশের উপ-প্রধান চাকথিপ চাইজিনদা রয়টার্সকে বলেন, ইজান ১৬ আগস্ট বাংলাদেশে এসেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে।
 
তবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক রয়টার্সকে বলেছেন, তিনি এই বিষয়ে এখনো কিছু জানেন না।
 
গত ১৭ আগস্ট এরওয়ান শিরনেতে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৪জন ছিল বিদেশি পর্যটক। এখান পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।