মেহেরপুরের আমঝুপি গ্রামের সড়ক থেকে ট্রাকভর্তি ২৫ লাখের বেশি টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মেহেরপুর শহর থেকে ট্রাকটি তাড়া করলে আমঝুপিতে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও চোরাচালানিরা।
মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে ভোরে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮৯০) ভারতীয় শাড়ি ভর্তি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি মেহেরপুর শহর পার হওয়ায় সময় সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) আনছার আলীর সন্দেহ হয়। এ সময় তিনি মোটর সাইকেলযোগে ট্রাকটি ধাওয়া করলে ট্রাক চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি গ্রামের একটি গলির সড়কে ট্রাকটি ফেলে চালক, হেলপার ও কয়েকজন চোরাচালানি পালিয়ে যায়। পরে সেখান থেকে ট্রাকটি আটক করে পুলিশ। ট্রাক ও ট্রাকে থাকা ভারতীয় শাড়িগুলো জব্দ করে সদর থানায় নেয়া হয়। এ ব্যাপারে পলাতকদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
