নবাবগঞ্জে ইজিবাইক চালক হত্যায় আটক ৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০৭
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সায়েদুর রহমান (১৭) নামে এক ইজিবাইক চালকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার সঙ্গে জড়িত থাকা ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিংগাইর ও নবাবগঞ্জ থানার সীমান্তবর্তী খতিয়া -নিলাম্বরপট্টি এলাকায় পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সায়েদুর রহমান উপজেলার কৈলাইল গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা যায়। 
 
আটককৃতরা হলেন- আরিফ, শহীদ, রানা এবং জাহিদুল। তারা সবাই কৈলাইল ইউনিয়নের বাসিন্দা।
 
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) কায়সার আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন সায়েদুর। এরপর আর তিনি বাড়ি ফিরেননি। স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও ইজিবাইকসহ তার সন্ধান মেলেনি। এরপর স্থানীয়রা বৃহস্পতিবার সকালে  মানিকগঞ্জ জেলার সিংগাইর মুক্তা মিতু এন্টারপ্রাইজ নামে একটি গাড়ির গ্রেজে ইজিবাইকটি দেখতে পায়। পরে ওই গ্রেজের মালিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, নবাবগঞ্জ থানার কৈলাইল গ্রামের আরিফ, শহীদ, রানা এবং জাহিদুল নামে ৪ যুবক তার কাছে গাড়িটি বিক্রয় করেছে। এ সময় এলাকাবাসী ওই যুবকদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের স্বীকরোক্তি পর তথ্য মতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতরা হত্যার কথা স্বীকার করলে তাদের তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।